জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো এ দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি।
বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো এ দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এ দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি।
তিনি বলেন, গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও বিভ্রান্তির কাজ শুরু করেছে। দু’দিন আগেও ময়মনসিংহের একটি জেলায় ব্যক্তিগত, পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তির সৃষ্টি করা হয়েছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ’৮৬ সালের নির্বাচনেও আমরা দেখেছি তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ’৯৬ সালেও স্বৈরাচারের সঙ্গে গিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও ওয়ান-ইলাভেনের সঙ্গে যোগ দিয়ে তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তা আমরা দেখেছি। তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপিকে ম্যানডেট দিয়েছে। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি, সেই প্রত্যেকটি প্রতিশ্রুতিই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এ সময় বগুড়া-সিরাজগঞ্জ রুটে রেললাইনের কাজ শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। (নিউজ ডেস্ক)






