মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে লড়বেন। পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে লড়বেন।
এদিন সংবাদ সম্মেলনে আসন্ন এপ্রিলের মধ্যেই বাকি ৭টি সিটি করপোরেশন নির্বাচনেরও প্রার্থী ঘোষণা করার কথা জানায় এনসিপি। সেই সঙ্গে জেলা পর্যায়সহ বিভিন্ন সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ৬টি দাবি তুলে ধরে দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপি মনোনীত ৫ মেয়র প্রার্থী ছাড়া অন্যদের মধ্যে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অনেকে উপস্থিত ছিলেন। (নিউজ ডেস্ক)






