জেলাগুলো হলো- রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর। দেশের ৪ জেলার প্রশাসকদের সরিয়ে তাদের স্থলে নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রশাসক নিয়োগ দেয়া জেলাগুলো হলো- রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর। এরমধ্যে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা প্রজ্ঞাপনে এই ৪ জেলার বিদ্যমান প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন- পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ইসরাত ফারজানা, রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সুলতানা আক্তার।
অন্যদিকে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের সই করা আরেকটি প্রজ্ঞাপনে এসব জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়ার বিষয়টি জানানো হয়েছে। এরমধ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) মিজ্ আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে। (নিউজ ডেস্ক)






