মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তিনি চন্দ্রিমা উদ্যানে পৌঁছান।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তিনি চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। এরপর তিনি বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাত শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।
(নিউজ ডেক্স)






