শুক্রবার (২৭ মার্চ) সকালে, দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকট নিরসনে ভারত থেকে বড় একটি ডিজেল চালান এসে পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুরে। শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায়। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপোর কার্যক্রম চালু রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এই ডিজেল তেল পৌঁছায়। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে সেখান থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে স্থানান্তর করা হয়।
ডিপোতে পৌঁছানোর পর পর্যায়ক্রমে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এতে করে বিদ্যমান সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই পাইপলাইনের মাধ্যমে তেল আনতে সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। তিনি আরও জানান, চলতি বছরে ইতোমধ্যে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আমদানি করা হয়েছে। এছাড়া আগামী শনিবার আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল করতে সহায়ক হবে। (নিউজ ডেস্ক)






